মরুদেশ সৌদি আরবে হাড়কাঁপানো শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের নিচে
মরু আবহাওয়ার দেশ সৌদি আরবের প্রায় সব এলাকায় তীব্র শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) এক পূর্বাভাসে জানিয়েছে, শিগগিরই এই পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই এবং সামনের দিনগুলোতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যেতে পারে।
এনসিএমের মুখপাত্র হুসেইন আল কাহতানি জানিয়েছেন যে, বর্তমান শৈত্যপ্রবাহটি অন্তত আগামী শনিবার পর্যন্ত স্থায়ী হতে পারে। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি থেকে মাইনাস ১ ডিগ্রির মধ্যে ওঠানামা করার আশঙ্কা রয়েছে। বিশেষ করে তাবুক, আল জৌফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকা, হাইল এবং মদিনা প্রদেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ সবচেয়ে বেশি থাকবে।
এছাড়া আল কাসিম, রাজধানী রিয়াদের উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে তাপমাত্রা ৪ ডিগ্রি থেকে ১ ডিগ্রির মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশজুড়ে অন্তত এক সপ্তাহ এই পরিস্থিতি বিরাজ করবে এবং পরবর্তীতে এটি দক্ষিণ দিকে অগ্রসর হবে। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ার ফলে জনগণকে প্রয়োজনীয় শীতকালীন আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সাধারণত মরু প্রধান দেশ সৌদি আরবে বছরের অধিকাংশ সময় প্রচণ্ড গরম থাকে। শীতের মৌসুমে তাপমাত্রা কিছুটা কমলেও এবারের মতো হিমাঙ্কের নিচে নেমে যাওয়ার ঘটনা বেশ বিরল। আকস্মিক এই শৈত্যপ্রবাহের জেরে দেশটির জনজীবনে নতুন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


















