৯ ঘণ্টা অবরোধের পর মাইলস্টোন স্কুল ছাড়লেন উপদেষ্টা আসিফ নজরুলসহ সবাই
টানা ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ পাহারায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বেরিয়ে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় তাদের গাড়িতে করে কলেজ থেকে পুলিশ প্রহরায় বের করা হয়। পরে মেট্রোরেলের ডিপোর ভেতরের রাস্তা দিয়ে তাদের গাড়িগুলো চলে যায়।
এর আগে বিকেলে দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর তারা মাইলস্টোন কলেজ থেকে বের হয়ে দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হন এবং বাধার কারণে আবার কলেজের ভেতরে ফিরে আসেন। পরে গাড়ি ঘুরিয়ে কলেজের একটি ভবনে নেওয়া হয়।
সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হলে ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়। ওই দুর্ঘটনার পর শিক্ষার্থীদের বিক্ষোভ এবং বিভিন্ন দাবির কারণে উপদেষ্টারা দীর্ঘ সময় কলেজে আটকা পড়ে যান। বেলা পৌনে একটার দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষার্থীদের দাবি যৌক্তিক দাবি বলে আশ্বাস দিয়েও বিক্ষোভ কমেনি। তখনও ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছিল।


















