৭ মাত্রার জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভেনেজুয়েলায় আঘাত হানা ৭ মাত্রার শক্তিশালী জোড়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মুখে পড়া দেশটির পাশে দাঁড়ানো এবং সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্দাউ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এই সংহতি প্রকাশ করেন। তিনি জানান, ভয়াবহ এই দুর্যোগের মুহূর্তে মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার জনগণের পাশে আছে এবং সহায়তা কার্যক্রম সংগঠিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
এর আগে স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলে মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কারণে ভেনেজুয়েলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুর্যোগের মাত্রা সামনে আরও বাড়তে পারে। ভয়াবহ এই পরিস্থিতির কারণে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন।
ভূমিকম্পের কেন্দ্রস্থল দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকায় হওয়ায় এবং সেখানকার ভবনগুলো ভূমিকম্প সহনশীল না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আশঙ্কাজনক। রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর কাতিয়া লা মারসহ দেশের বিভিন্ন স্থানে বহু ভবন ও অবকাঠামো ধসে পড়েছে। বেশ কিছু ভবন ধসের ঝুঁকিতে থাকায় দেশজুড়ে নিরাপত্তা বাহিনী মোয়েন করা হয়েছে। এছাড়া কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাজধানীর বহু এলাকাসহ বিভিন্ন শহর বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
দুর্ঘটনার দিনটি স্পেনের সাবেক উপনিবেশ ভেনেজুয়েলার জাতীয় স্বাধীনতা দিবস এবং সেইন্ট জন ব্যাপটিস্টের জন্মদিবসের সরকারি ছুটি ছিল। ফলে অধিকাংশ মানুষ বাড়িতে থাকায় আকস্মিক এই দুর্যোগে বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় এসে আশ্রয় নিচ্ছেন। দেশটির তেল শোধনাগার সমৃদ্ধ এই অঞ্চলে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

















