৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে কিশোর ওয়েন কুপারের ইতিহাস
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হলো ৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস। স্থানীয় সময় গত রোববার পিকক থিয়েটারে বসে আয়োজিত এই অনুষ্ঠানে ইতিহাস গড়লেন কিশোর অভিনেতা ওয়েন কুপার। মাত্র ১৫ বছর বয়সে এমি জয় করে তিনি হয়ে গেলেন এ আসরের সবচেয়ে কনিষ্ঠ বিজয়ী।
ওয়েন কুপার নেটফ্লিক্সের আলোচিত মিনি সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে এই সম্মান পেয়েছেন। জানা যায়, সিরিজটির চারটি পর্বের শুটিং হয়েছিল যখন ওয়েনের বয়স মাত্র ১৪। ইংল্যান্ডের ওয়ারিংটনে জন্ম নেওয়া এই কিশোর সেই বয়সেই আন্তর্জাতিক অভিনয় জগতে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন।
পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত হয়ে ওয়েন কুপার বলেন, “এটা শুধু আমার জন্য নয়, আমার পরিবার ও আপনজনদের জন্যও অনেক বড় ব্যাপার। আমি কখনও ভাবিনি আমেরিকায় এসে অভিনয় করব। তিন বছর আগেও আমি কিছুই ছিলাম না, আর এখন এই মঞ্চে দাঁড়িয়ে আছি, এটা স্বপ্নের মতো।”
অ্যাডোলেসেন্স সিরিজটির কাহিনি ঘিরে রয়েছে এক কিশোরীর ছুরিকাঘাতের ঘটনা এবং সন্দেহভাজন হিসেবে ১৩ বছর বয়সী এক ছেলের গ্রেপ্তার। সিরিজটি দেখিয়েছে, কীভাবে সামাজিক মাধ্যমে কিশোরদের মধ্যে নারী বিদ্বেষের বীজ বপন হচ্ছে। সমালোচকদের মতে, এর নির্মাণশৈলী ও বিষয়বস্তু দুটোই সময়োপযোগী ও সাহসী।
ওয়েন কুপারের পাশাপাশি ‘অ্যাডোলেসেন্স’- থেকে আরও পুরস্কার এসেছে। সিরিজটির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন স্টিফেন গ্রাহাম। অন্যদিকে, ‘সেভরেন্স’ সিরিজের তারকা ট্রামেল টিলম্যান ও ব্রিট লোয়ার পেয়েছেন বড় দুটি সম্মাননা। এছাড়া ‘দ্য পিট’ ও ‘দ্য স্টুডিও’ এ বছরের শুরুতেই বিজয়ী হিসেবে তালিকাভুক্ত হয়েছে।



















