৩৬ জুলাই স্মারক উপলক্ষ্যে টেলিটকের বিশেষ অফার চালু
‘৩৬ জুলাই’ স্মারক উপলক্ষ্যে এক বিশেষ অফার চালু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। এই অফারের অধীনে নিয়মিত ১৫০ টাকা মূল্যের জনপ্রিয় ‘জেন-জেড’ সিমটি গ্রাহকরা কিনতে পারছেন মাত্র ৩৬ টাকায়। পাশাপাশি টেলিটকের সকল গ্রাহকের জন্য মাত্র ৩৬ টাকায় ৩৬ মিনিট টকটাইম এবং ৩.৬ গিগাবাইট ডাটা ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে, যার মেয়াদ থাকবে সাত দিন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের দিকনির্দেশনায় টেলিটক এই বিশেষ সেবাটি চালু করেছে। অফারটি চালু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন টেলিটক কাস্টমার কেয়ার সেন্টারগুলোতে গ্রাহকদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে নতুন প্রজন্ম ও তরুণদের মধ্যে এই অফারটি নিয়ে দারুণ আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত ইউএসএসডি কোড ডায়াল করে কিংবা সরাসরি ৩৬ টাকা রিচার্জের মাধ্যমেই গ্রাহকেরা খুব সহজে অফারটি গ্রহণ করতে পারবেন। অফার সংক্রান্ত বিস্তারিত তথ্য, ইউএসএসডি কোড ও শর্তাবলি জানতে টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইট বা ফেসবুক পেজ ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।
রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি আরও জানায়, দেশের তরুণ প্রজন্মসহ সব স্তরের গ্রাহকদের কাছে সময়োপযোগী, সাশ্রয়ী ও উদ্ভাবনী টেলিযোগাযোগ সেবা পৌঁছে দিতে তারা আগামীতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।



















