২ অক্টোবরেই পর্দায় আসছে অজয় দেবগণের বহুপ্রতীক্ষিত ‘দৃশ্যম ৩’
কোনো গল্পের একটি বিশেষ তারিখ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তার অন্যতম সেরা উদাহরণ ‘দৃশ্যম’। মূল কাহিনীর রহস্যঘেরা তারিখ ২ অক্টোবরকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল টানটান উত্তেজনার নানা মুহূর্ত। অজয় দেবগণ অভিনীত এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটি পর্ব সুপারহিট হওয়ার পর এবার আসতে চলেছে এর তৃতীয় কিস্তি ‘দৃশ্যম ৩’। সেই বিশেষ তারিখ ২ অক্টোবরকেই বেছে নেওয়া হয়েছে সিনেমাটির মুক্তির জন্য।
গত সোমবার (২৪ আগস্ট) সিনেমাটির অফিসিয়াল নাম ও রহস্যময় একটি পোস্টার উন্মোচন করা হয়েছে। ‘দৃশ্যম : দ্য কনক্লুশন’ শিরোনামের এই পোস্টারে কেবল অজয় দেবগণের একটি চোখ তুলে ধরা হয়েছে, যা গল্পের নানা অজানা বাঁকের ইঙ্গিত দেয়। পোস্টারটি শেয়ার করে অজয় জানান, প্রতিটি মানুষের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা হলেও তাঁর কাছে পরিবারই একমাত্র অগ্রাধিকার। পোস্টারেও স্পষ্ট লেখা রয়েছে, ‘আমার কাছে সত্য ও সঠিক কেবলই আমার পরিবার’।
পূর্বে প্রকাশিত টিজারেও বিজয়ের মানসিকভাবে দৃঢ় অবস্থানের আভাস পাওয়া গিয়েছিল। সেখানে বছরের পর বছর তাকে নিয়ে তৈরি হওয়া বিভিন্ন চর্চার জবাব দিয়ে বিজয় সালগাওকার চরিত্রটি স্পষ্ট করে যে, যেকোনো পরিস্থিতিতে পরিবারকে রক্ষা করা তার কাছে সবচেয়ে বড় সত্য। আগের দুটি কিস্তির মতো এবারও নিজের পরিবারকে বাঁচাতে সে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে।
অভিষেক পাঠক পরিচালিত এই রহস্য-থ্রিলার চলচ্চিত্রে বিজয়ের ভূমিকায় অজয় দেবগণের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, ইশিতা দত্ত, কমলেশ সাওয়ান্ত, জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজ। দর্শকদের জন্য এটি ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত ও সবচেয়ে আকর্ষণীয় অধ্যায় হতে যাচ্ছে।



















