২৬ দিনের অনশন ভঙ্গ করলেন সোনাম ওয়াংচুক, মোদির স্বাস্থ্য পুনরুদ্ধারের বার্তা
ভারতের পরিবেশ ও সামাজিক আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক নয়াদিল্লির যন্তর মন্তরে শুরু করা ২৬ দিনের দীর্ঘ অনশন শেষ করেছেন। গত ২৮ জুন থেকে শুরু হওয়া এই অনশনের পর বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে না—এমন আশ্বাসের প্রেক্ষিতে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে তিনি আনুষ্ঠানিকভাবে অনশন ভঙ্গ করেন। অনশন ভঙ্গের সময় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত থেকে তাঁকে পানি পান করান। এ সময় লেহ-লাদাখের শীর্ষ প্রতিনিধিরা ও ওয়াংচুকের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনশন ভঙ্গের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সোনাম ওয়াংচুককে চিকিৎসকদের পরামর্শ মেনে দৈনন্দিন রুটিন অনুসরণ ও দ্রুত স্বাস্থ্য পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্যের জন্য সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করার কথাও ব্যক্ত করেন। ওয়াংচুক সরকার ও তাঁর পাশে থাকা স্বজনদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে অনশন শেষ করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে সোনাম ওয়াংচুকের অনশন শেষ হওয়ায় স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি মন্তব্য করেন যে, জীবনের ঝুঁকি নিয়ে ওয়াংচুক পুরো জাতির বিবেককে জাগ্রত করেছেন। একই সাথে দীপকে জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে তাঁদের দলের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।



















