হোয়াটসঅ্যাপ স্ক্যাম: কোন কোন ফাঁদে ফেলছে হ্যাকাররা
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিদিন গড়ে প্রায় ১০০ বিলিয়নেরও বেশি মেসেজ আদান-প্রদান হয় এই অ্যাপে। এত বিপুল সংখ্যক ব্যবহারকারীর কারণে এটিকে টার্গেট করে প্রতারকরাও নানা ধরনের ফাঁদ তৈরি করে। প্রায়ই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের স্ক্যামের শিকার হন।
সবচেয়ে প্রচলিত স্ক্যামগুলোর মধ্যে রয়েছে লটারি বা প্রাইজ স্ক্যাম, যেখানে ভুয়া মেসেজ পাঠিয়ে জানানো হয় ব্যবহারকারী লটারি বা উপহার জিতেছেন। কিন্তু এর বিনিময়ে চাওয়া হয় ব্যক্তিগত তথ্য ও টাকা। একইভাবে ভুয়া চাকরির অফারের মাধ্যমে প্রতারণা করা হয়। চাকরির প্রলোভন দেখিয়ে রেজিস্ট্রেশন বা ট্রেনিংয়ের নামে টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।
এছাড়া ওটিপি স্ক্যামও খুবই সাধারণ। প্রতারকরা নানা অজুহাতে ব্যবহারকারীর কাছ থেকে ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) সংগ্রহ করে নেয়। একবার সেটি শেয়ার করলে মুহূর্তেই ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দখল হয়ে যায়। অনেক সময় স্ক্যামাররা ব্যবহারকারীর বন্ধুবান্ধব বা আত্মীয় পরিচয়ে ভুয়া ছবি ও নাম ব্যবহার করে টাকা দাবি করে।
ফিশিং লিঙ্কও প্রতারণার আরেকটি বড় মাধ্যম। দেখতে আসল মনে হলেও এসব ভুয়া লিঙ্কে ক্লিক করলেই হ্যাকাররা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে নেয়। একইভাবে ইমোশনাল ব্ল্যাকমেল বা রোম্যান্স স্ক্যামের ক্ষেত্রেও প্রথমে বন্ধুত্ব করে বিশ্বাস অর্জন করা হয়, এরপর টাকার দাবি জানানো হয়।
স্ক্যাম থেকে সুরক্ষিত থাকতে কিছু নিয়ম মেনে চলা জরুরি। যেমন—
- কখনোই কারও সঙ্গে ওটিপি শেয়ার করা যাবে না।
- অজানা নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করা উচিত নয়।
- হোয়াটসঅ্যাপে টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখতে হবে।
- কাউকে টাকা পাঠানোর আগে কল করে যাচাই করা জরুরি।
- ভুয়া চাকরি বা লটারির অফার এড়িয়ে চলতে হবে।
- অজানা গ্রুপে জয়েন করা যাবে না, বরং সতর্ক থাকতে হবে।
- সন্দেহজনক মেসেজ এলে সঙ্গে সঙ্গে রিপোর্ট এবং ব্লক করতে হবে।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যদি এসব বিষয় সচেতনভাবে মেনে চলেন, তাহলে প্রতারণার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

















