হোয়াইট হাউসের ভেতরেই ট্রাম্পকে হত্যার ক্ষমতা রাখে ইরান দাবি সাবেক আইআরজিসি কমান্ডারের
ইরান চাইলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসের ভেতরেই হামলা চালিয়ে হত্যা করতে পারে বলে হুমকি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক শীর্ষ কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দাম। ইরানি সংবাদমাধ্যম ফারারুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। সাবেক এই কমান্ডার দাবি করেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেই সক্ষমতা রয়েছে এবং যখনই প্রয়োজন হবে তারা হোয়াইট হাউসের ভেতরেই এই লক্ষ্যবস্তু সহজে ভেদ করতে পারবে।
হুমকির পাশাপাশি তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান আলোচনা নিয়েও কথা বলেছেন মোকাদ্দাম। তিনি স্পষ্ট করে জানান, ইরানের দৃষ্টিকোণ থেকে এই আলোচনার লক্ষ্য কোনও শান্তি চুক্তিতে পৌঁছানো নয়, বরং উত্তেজনা কমানো এবং ইসলামি প্রজাতন্ত্রের দাবিগুলোকে বিশ্বমঞ্চে জোরালো করা। যুক্তরাষ্ট্র-ইরানের বর্তমান পরিস্থিতি থেকে তার দেশ কোনো শান্তির আশা করছে না এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের ‘প্রতিশোধ’ নেওয়ার বিষয়টি তারা আলোচনার টেবিলেই দৃঢ়ভাবে বজায় রেখেছে।
ইরানের সাবেক এই সামরিক কমান্ডার এমন এক সময়ে হোয়াইট হাউসে হামলার সক্ষমতা নিয়ে মন্তব্য করলেন, যখন ইরানে ফের নতুন করে ব্যাপক বিমান ও মিসাইল হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠিন আঘাত হানার হুমকি দিয়ে বিতর্কিত হরমুজ প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও অভিভাবকত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন, যা দুই দেশের মধ্যকার যুদ্ধাবস্থাকে আরও চরম উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে।



















