হেনলি পাসপোর্ট ইনডেক্সে পিছাল বাংলাদেশ যৌথভাবে উত্তর কোরিয়ার সাথে ৯৭তম স্থানে
২০২৬ সালের জুলাই মাসের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ফের পিছিয়েছে বাংলাদেশ। সদ্য প্রকাশিত সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টের অবস্থান দুই ধাপ নেমে বর্তমানে ৯৭তম স্থানে অবস্থান করছে। বছরের শুরুতে জানুয়ারিতে এর অবস্থান ছিল ৯৫তম। নতুন এই সূচকে বাংলাদেশের সাথে যৌথভাবে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। বর্তমানে বাংলাদেশি ও উত্তর কোরীয় পাসপোর্টধারীরা কোনো আগাম ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
বাংলাদেশি নাগরিকরা বর্তমানে সম্পূর্ণ ভিসামুক্ত সুবিধা পাবেন ১৭টি দেশে, বিমানবন্দর বা ইমিগ্রেশন কাউন্টারে অন-অ্যারাইভাল ভিসা পাবেন ১৪টি দেশে এবং ৪টি দেশে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) নিয়ে ভ্রমণ করতে পারবেন। ২০০৬ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ৬৮তম থাকলেও বিগত দুই দশকে তা ধারাবাহিকভাবে পিছিয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ ৫২তম এবং ভারত ৮১তম স্থানে রয়েছে, যেখানে নেপাল ৯৮তম ও পাকিস্তান ১০১তম স্থানে রয়েছে।
আন্তর্জাতিক এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর, যাদের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (১৮৮টি দেশ)। অন্যদিকে তালিকার সর্বনিম্নে ১০৪তম স্থানে রয়েছে আফগানিস্তান, দেশটির নাগরিকরা মাত্র ২২টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পান।


















