হুতি ড্রোন হামলায় কেঁপে উঠল ইলাত, ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব উপস্থাপন
দখলদার ইসরায়েলের ইলাত শহরে আঘাত হেনেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাঠানো বিস্ফোরকবাহী একটি ড্রোন। বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনের আলোতে ড্রোনটি শহরে আছড়ে পড়লে অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সেবা প্রতিষ্ঠান ডেভিড আদম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সতর্কতামূলক সাইরেন বাজতে থাকলেও ড্রোনটি সরাসরি ইলাতে আঘাত হানে এবং মুহূর্তেই বিস্ফোরণে কেঁপে ওঠে শহরটি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার সত্যতা নিশ্চিত করেছে। তাদের দাবি, ড্রোনটি ভূপাতিত করার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়। আয়রন ডোম মিসাইল দিয়ে আটকানোর চেষ্টা করেও সফল হয়নি ইসরায়েলি বিমানবাহিনী। কেন প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করেনি তা তদন্ত করছে আইডিএফ।
এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে নতুন পরিকল্পনা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি আটটি আরব ও মুসলিম দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে প্রস্তাব দেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এতে গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি, হামাসবিহীন নতুন শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং হামাসের হাতে থাকা ৪৮ জন জিম্মির মুক্তির প্রস্তাব রাখা হয়েছে।
ট্রাম্পের এই পরিকল্পনা মূলত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের রূপরেখার ওপর ভিত্তি করে সাজানো হলেও এতে যুদ্ধবিরতির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। কয়েক সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হলে মানবিক সহায়তা পৌঁছানো ও জিম্মিদের মুক্তির পথ সহজ হবে বলেও উল্লেখ করা হয়েছে।
বৈঠকে উপস্থিত দেশগুলো ট্রাম্পের প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তারা এক যুক্তিপত্রে গাজায় যুদ্ধ অবসানের উদ্যোগকে সমর্থন জানিয়ে দখলদার ইসরায়েলের সামরিক অভিযান, গাজা ও পশ্চিমতীর দখল, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা এবং জেরুজালেমের পবিত্র স্থানে স্থিতাবস্থা লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে শান্তি প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মুসলিম নেতারা।
সূত্র: টাইমস অব ইসরায়েল


















