হামাস আরও দুই জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করল
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস মঙ্গলবার (২১ অক্টোবর) জানিয়েছে, তারা ইসরায়েলের কাছে আরও দুই জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। এর আগে গতকাল এক জিম্মির মরদেহ গাজা থেকে ইসরায়েলের কাছে তুলে দেওয়া হয়েছিল। এই নতুন হস্তান্তরের পর হামাসের কাছে আরও মাত্র ১৩ জিম্মির মরদেহ অবশিষ্ট থাকবে। হামাস জানিয়েছে, এই দুটি মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।
ইসরায়েল আগের হস্তান্তরিত মরদেহের মধ্যে এক ব্যক্তিকে মেজর তাল হাইমি হিসেবে শনাক্ত করেছে।
এ সময়ই মিসরের প্রভাবশালী গোয়েন্দা প্রধান হাসান রাসাদের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জেরুজালেমে অনুষ্ঠিত বৈঠকে গাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি, ইসরায়েল-মিসরের সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক বিষয়াবলী নিয়ে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, দুই সপ্তাহ আগে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। কিন্তু যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত রোববার গাজায় ব্যাপক হামলা চালায়, যা চলাকালীন সময়ে আরও ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রাখার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জের্ড ক্রুসনার ইতোমধ্যেই ইসরায়েলে পৌঁছেছেন।



















