হাঁটুর অস্ত্রোপচার শেষে শেষ বিশ্বকাপে খেলার স্বপ্ন বুনছেন নেইমার
ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র তার সম্ভাব্য শেষ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি সান্তোস এই তারকা আবারও অস্ত্রোপচারের টেবিলে গিয়েছেন বলে মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে। মূলত হাঁটুর সংযোগস্থলের ক্ষতিগ্রস্ত টিস্যুকে শক্তিশালী করতে প্লাটিলেট সমৃদ্ধ প্লাসমা প্রযুক্তি ব্যবহার করে এই বিশেষ চিকিৎসা করিয়েছেন তিনি।
সান্তোস ম্যানেজার কুকা এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে, ফিফা আন্তর্জাতিক বিরতি চলাকালে নেইমার এই অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। চিকিৎসকদের পরামর্শ মেনেই তিনি এই সিদ্ধান্ত নেন এবং বর্তমানে তিনি বিশেষ পুনরুদ্ধার কর্মসূচির মধ্য দিয়ে যাচ্ছেন। অস্ত্রোপচারের পরবর্তী ধাপগুলো ঠিকঠাক শেষ করতে তিনি কয়েকদিন অনুশীলনের বাইরেও ছিলেন।
নেইমারের মূল লক্ষ্য হলো আসন্ন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপের আগে নিজেকে শতভাগ ফিট হিসেবে গড়ে তোলা। কোচ কার্লো আনচেলত্তির ২৬ জনের স্কোয়াডে নিজের জায়গা পাকাপোক্ত করতেই তিনি এই ঝুঁকি নিয়েছেন। বিশ্বকাপের বাকি কয়েক মাস অত্যন্ত সতর্কতার সাথে কাটিয়ে ফুটবল মহাযজ্ঞে ফেরার স্বপ্ন দেখছেন এই ফুটবল জাদুকর।

















