হরমুজ প্রণালি মাইনমুক্ত করতে কমপক্ষে ৩ সপ্তাহ সময় লাগবে বলে যুক্তরাষ্ট্রের ধারণা
আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি থেকে সব মাইন অপসারণ করতে কমপক্ষে ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন নৌবাহিনীর অপারেশন্স বিভাগের প্রধান অ্যাডমিরাল ডেরিল কাউডলের মতে, সাগর থেকে মাইন অপসারণ অত্যন্ত সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া। হরমুজ প্রণালিকে মাইনমুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রকে প্রথমে মাইনগুলো খুঁজে বের করতে হবে এবং এরপর সেগুলো ধ্বংস করতে হবে।
মাইন অপসারণে দেরি হওয়ার পেছনে মূলত দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, ইরানের প্রতিরক্ষা বাহিনী প্রণালির কোথায় কোথায় মাইন পেতেছে, তার কোনো নির্ভুল রেকর্ড মার্কিন বাহিনীর কাছে নেই। দ্বিতীয়ত, ইরান সেখানে বিভিন্ন ধরনের আধুনিক মাইন ব্যবহার করেছে, যার মধ্যে সমুদ্রতলে থাকা বটম মাইন থেকে শুরু করে জাহাজের খোলে যুক্ত হওয়া লিম্পেট মাইনও রয়েছে। মাইনের এই বৈচিত্র্য উদ্ধার অভিযানকে আরও জটিল করে তুলেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালিতে অন্তত এক ডজন মাইন স্থাপন করে। ৮ এপ্রিল যুদ্ধবিরতির পর ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ জলপথটি স্বাভাবিক করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য যে, বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২৫ শতাংশ পণ্য এই প্রণালি দিয়েই পরিবহন করা হয়।
ইরানের এই অবরোধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং অনেক দেশে সংকট দেখা দিয়েছে। গত ১২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালি ও ইরানের সামরিক বন্দরগুলোতে অবরোধ জারির ঘোষণা দেন। এর পরপরই মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) জানিয়েছে যে, তারা হরমুজ থেকে মাইন অপসারণের কাজ শুরু করেছে। সূত্র: রয়টার্স।



















