হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে সেন্টকোমের অভিযান শুরু
বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে নিরাপদ করতে মাইন অপসারণের কাজ শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। এই অভিযানের প্রাথমিক অংশ হিসেবে দুটি শক্তিশালী রণতরী ইউএসএস ফ্র্যাঙ্ক পিটারসন এবং ইউএসএস মাইকেল মারফিকে ইতোমধ্যেই ওই এলাকায় মোতায়েন করা হয়েছে। সেন্টকোম এক বার্তায় জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পেতে রাখা মাইন থেকে এই জলপথকে মুক্ত করতেই তাদের এই বিশেষ পদক্ষেপ।
সেন্টকোমের শীর্ষ নির্বাহী কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার শনিবার এক বিবৃতিতে জানান, বাণিজ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তারা একটি নতুন নিরাপদ পথ তৈরির প্রক্রিয়া শুরু করেছেন। খুব শিগগিরই এই পথটি বেসামরিক সামুদ্রিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বর্তমানে জলপথটি মাইনমুক্ত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে কারণ আইআরজিসি যথাযথ রেকর্ড না রেখেই অনেক জায়গায় মাইন স্থাপন করেছিল, যা এখন শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর আইআরজিসি হরমুজ প্রণালিতে অবরোধ সৃষ্টির উদ্দেশ্যে জলমাইন পেতেছিল। তবে বর্তমানে জোয়ার-ভাটা এবং অন্যান্য প্রাকৃতিক কারণে মাইনগুলো আগের জায়গা থেকে সরে যাওয়ায় ইরানের প্রতিরক্ষা বাহিনীও সেগুলো শনাক্ত করতে পারছে না। ফলে এই ব্যস্ততম বাণিজ্যিক রুটে জাহাজ চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হরমুজ থেকে মাইন সরাতে ইতোমধ্যে যন্ত্রচালিত বিশেষ মাইন বিধ্বংসী নৌযান পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই জলপথকে নিরাপদ করে বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহ স্বাভাবিক করাই এখন মার্কিন প্রতিরক্ষা বাহিনীর মূল লক্ষ্য।



















