হরমুজ প্রণালির সব জলমাইন অপসারণের দাবি ডোনাল্ড ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অংশ হিসেবে হরমুজ প্রণালিতে ইরানের পেতে রাখা সব জলমাইন অপসারণ করেছে মার্কিন নৌবাহিনী। গত মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প জানান, মার্কিন প্রতিরক্ষা বাহিনীর স্যাটেলাইট ও স্পেস ফোর্সের সহায়তায় হরমুজ প্রণালির প্রতিটি ইঞ্চিতে তল্লাশি চালিয়ে জলপথটিকে সম্পূর্ণ মাইনমুক্ত করা হয়েছে। ভবিষ্যতে ইরান যদি প্রণালিটিতে ফের মাইন পাতার উদ্দেশ্যে কোনো যুদ্ধজাহাজ বা নৌযান পাঠায়, তবে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সেটিকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেওয়ার জন্য মার্কিন বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি পণ্যের এক-পঞ্চমাংশ পরিবাহিত হওয়া ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই কৌশলগত প্রণালিটিতে ইরানের আইআরজিসি ডজনখানেক জলমাইন স্থাপন করেছিল। মার্কিন বাহিনী মাইন অপসারণের কাজে ছয় মাস সময় লাগবে বলে ধারণা করলেও নির্ধারিত সময়ের দুই মাস আগেই সেই প্রক্রিয়া সম্পন্ন করার দাবি করল।



















