হরমুজ প্রণালিতে দুই জাহাজের সংঘর্ষ এবং নাবিকদের উদ্ধার করেছে ইরান
হরমুজ প্রণালিতে দুটি জাহাজের মুখোমুখি সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে দুর্ঘটনাকবলিত একটি বাল্ক ক্যারিয়ার থেকে ২৩ জন বিদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করেছে ইরান। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, হরমুজ প্রণালির কেশম দ্বীপের উত্তরে এই দুর্ঘটনাটি ঘটে এবং সংঘর্ষের পর সব নাবিককে নিরাপদে কেশম দ্বীপে স্থানান্তর করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের ফলে বাল্ক ক্যারিয়ারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে পানি ঢুকতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে জাহাজটির ক্যাপ্টেন জরুরিভাবে নাবিকদের জাহাজ ত্যাগের নির্দেশ দেন। এই দুর্ঘটনার খবরের মাঝেই হরমুজ প্রণালির ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এখন থেকে যুক্তরাষ্ট্র এই আন্তর্জাতিক বাণিজ্য জলপথের ‘অভিভাবকের’ ভূমিকায় থাকবে এবং এ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে ২০ শতাংশ হারে টোল আদায় করবে।
মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকার এবং নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প স্পষ্ট করেন যে, খুব শিগগিরই যুক্তরাষ্ট্র এই প্রণালির নিয়ন্ত্রণ নেবে। তিনি দাবি করেন, ইরান থাকুক আর না থাকুক, হরমুজ প্রণালি খোলা রাখার স্বার্থে যুক্তরাষ্ট্রই এর অভিভাবকত্ব করবে। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর আন্তর্জাতিক বাণিজ্য ও এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
অন্যদিকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থেকে ইরান কোনোভাবেই পিছু হটবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির শীর্ষ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট প্রণালিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও তেহরান এটি রক্ষার লড়াই চালিয়ে যাবে। ভবিষ্যতে নিজেদের জাহাজ চলাচলের জন্য যাতে শত্রুপক্ষকে কর দিতে না হয়, সেজন্য ইরান এই জলপথের সুরক্ষায় বদ্ধপরিকর এবং এই অবস্থান থেকে পিছু হটার চিন্তা তাদের কোনো মিত্রও সমর্থন করবে না বলে তিনি উল্লেখ করেন।


















