হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯৪, আহত ৭৬
হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ৭৬ জন আহত হয়েছেন, যার মধ্যে ১১ জন ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন। শুক্রবার ভোরে ফায়ার সার্ভিস সর্বশেষ এই তথ্য জানিয়েছে।
কমপ্লেক্সটির মোট আটটি ব্লকে আগুন ছড়িয়ে পড়েছে। বাঁশের মাচা ও দাহ্য পদার্থের উপস্থিতিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতি আরও খারাপ করে। নিহতদের মধ্যে একজন ৩৭ বছর বয়সী ফায়ার কর্মী রয়েছেন।
বর্তমানে আগুন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, তবে ভবনগুলো ভষ্মীভূত। এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন এবং তাদের খুঁজে বের করতে পুড়ে যাওয়া ভবনগুলোর মধ্যে উদ্ধার অভিযান চলছে।
কর্তৃপক্ষ ইতোমধ্যেই আগুন লাগার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে। ভবনগুলোর সংস্কারকাজ, বাঁশের মাচা ও প্লাস্টিকের জালও তদন্তের আওতায় রয়েছে। স্থানীয় দুর্নীতি দমন সংস্থা বলেছে, কমপ্লেক্সের সংস্কারকাজ নিয়ে তারা তদন্ত করছে। আগুন লাগার স্থানে ফোম প্যাকেজিং রেখে রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুনের বিষয়ে কোনো সতর্ক সংকেত পাননি। তারা প্রতিবেশীদের সতর্ক করতে দরজায় দরজায় গিয়ে খবর দিয়েছেন। বাসিন্দা সুইন বলেন, ‘‘আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল। মাত্র একটি হোস পাইপ দিয়ে কিছু ভবন বাঁচানোর চেষ্টা হচ্ছিল, যা খুব ধীর মনে হয়েছিল।’’
অগ্নিকাণ্ডে স্থানীয় বাসিন্দা ও দমকলকর্মীদের পাশাপাশি হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন। সহায়তা কেন্দ্র চালু করেছেন ৩৮ বছর বয়সী স্টোন, যিনি বলেন, ‘‘হংকংবাসীর মানসিকতা হলো, বিপদে একজন থাকলেও সবাই এগিয়ে আসে।’’
সূত্র: বিবিসি, এএফপি



















