শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১২:২৬

স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মাননায় ভূষিত নরেন্দ্র মোদি

প্রতিবেদক
staffreporter
জুন ১৬, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ
স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মাননায় ভূষিত নরেন্দ্র মোদি

স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মাননায় ভূষিত নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মান ‘দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’-এ ভূষিত হয়েছেন। গতকাল রাজধানী ব্রাতিস্লাভায় তাকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনি। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৩৩তম আন্তর্জাতিক সম্মাননা। গতকাল ১৫ জুন ইউরোপ সফরের উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করার পর এ সফরে ইউরোপের প্রথম দেশ হিসেবে স্লোভাকিয়াকে বেছে নেন তিনি।

১৯৯৩ সালে তৎকালীন সমাজতান্ত্রিক রাষ্ট্র চেকোস্লোভাকিয়া ভেঙে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামে দু’টি পৃথক রাষ্ট্র গঠিত হয়। স্বাধীন রাষ্ট্র হিসেবে স্লোভাকিয়ার আবির্ভাবের পর মোদির এই সফরের মাধ্যমেই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর পা পড়ল দেশটির ভূখণ্ডে। সম্মাননা প্রদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে নরেন্দ্র মোদি স্লোভাকিয়ার জনগণ ও সরকারকে ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এই সম্মাননা দুই দেশের স্থায়ী বন্ধুত্বের প্রতি উৎসর্গ করেছেন।

উল্লেখ্য, সামরিক ও বেসামরিক উভয় দিক থেকে ‘দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস’ স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মাননা হিসেবে বিবেচিত, যা কেবল বিদেশি নাগরিকদেরই প্রদান করা হয়। ঐতিহাসিক এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অভিবাসন, ডিজিটাল প্রযুক্তি এবং প্রতিরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে স্লোভাকিয়ার সঙ্গে ভারতের মোট ১১টি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি