স্বাধীন গণমাধ্যম নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে দেশের সম্পাদকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো সংবাদমাধ্যমে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে দেশের গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার মান উন্নয়ন এবং মুক্ত সাংবাদিকতার পরিবেশ বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন।
প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।



















