স্বাক্ষর জালিয়াতির মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি
ভারতের পশ্চিমবঙ্গের তিনবারের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর রাজনৈতিক সংকটে পড়েছেন। স্বাক্ষর জালিয়াতির একটি মামলার তদন্তে আদালতের তল্লাশি পরোয়ানা নিয়ে তার বাসভবনে পৌঁছেছে রাজ্য অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ৭১ বছর বয়সী তৃণমূল কংগ্রেসের এই শীর্ষ নেত্রী ইতোমধ্যেই দলের অভ্যন্তরীণ বিরোধ এবং প্রকাশ্য কোন্দলের মুখোমুখি হয়েছেন, যার মধ্যে এই নতুন আইনি জটিলতা তৈরি হলো।
অভিযোগে বলা হয়েছে, দলের কয়েকজন সংসদ সদস্যের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে বিধানসভার স্পিকারের কাছে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই চিঠিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনয়নে সমর্থন দেওয়া হয়েছিল। তবে স্পিকার রথীন্দ্র বসুকে তৃণমূল কংগ্রেসের দুই সংসদ সদস্য ঋতাব্রত ব্যানার্জী এবং সন্দীপন সাহা জানান যে, দলের বৈঠকে বিরোধী দলনেতা নির্বাচনের বিষয়ে কোনো প্রস্তাব গৃহীত হয়নি। তাদের দাবি, চিঠিতে থাকা মোট ৭০টি স্বাক্ষরের মধ্যে ১৪টি স্বাক্ষরই জাল করা হয়েছে।
এই অভিযোগের পর পরই দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেস ওই দুই সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকাশ্যে তাদের নাম ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই দল থেকে তাদের বের করে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এনডিটিভি জানিয়েছে, বর্তমানে সিআইডির তিনটি পৃথক দল এই জালিয়াতি মামলার তদন্তে তল্লাশি অভিযান চালাচ্ছে। এর মধ্যে একটি দল মমতার বাসভবনে তল্লাশি চালাচ্ছে, যদিও বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন। বাকি দুটি দলের একটি তার ভাতিজা ও সংসদ সদস্য অভিষেক বন্দোপাধ্যায়ের কার্যালয়ে এবং অন্য দলটি অভিষেকের বাসভবনে তল্লাশি চালাচ্ছে।



















