স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহবান
জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শিক্ষানীতি জাতি প্রত্যাখ্যান করেছে। তাই সেই শিক্ষানীতি পরিবর্তন করে ইসলামী শিক্ষা নীতি প্রণয়ন ও তা কার্যকর করতে হবে। পাশাপাশি পতিত সরকারের আমলে প্রণীত পাঠ্যপুস্তকে যেসব ইসলামবিরোধী বিষয় সংযোজন করা হয়েছিল, তা সম্পূর্ণভাবে পরিবর্তন করা জরুরি।
সোমবার বিকেলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে অধ্যাপক মুজিবুর রহমান এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক এবিএম ফজলল করিম। উপস্থিত ছিলেন ফেডারেশনের সহকারী সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, সমন্বয়কারী ড. আবদুস সবুর ফকির, শামসুল আলম, অধ্যাপক ড. শাহজাহান মাদানী এবং সাখাওয়াত হোসেন প্রমুখ।
অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, শিক্ষক সমাজের দাবি পূরণের ক্ষেত্রে জামায়াতে ইসলামী সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। দেশে প্রায় ১২ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসার শিক্ষকগণের ন্যায়সঙ্গত দাবি মেনে দ্রুত এমপিওভুক্ত করার জন্য সরকারের নিকট তিনি জোর দাবি জানান।
সভাপতির বক্তব্যে অধ্যাপক এবিএম ফজলুল করিম বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের অন্যান্য শিক্ষকদের মতো সচ্ছল জীবনযাপন করার অধিকার দিতে হবে। সরকার চলতি বছরের জানুয়ারি মাসে এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। তিনি আরও বলেন, সব ধরনের গড়িমসি পরিহার করে, প্রয়োজনে থোক বরাদ্দ দিয়েও সরকারকে ওই এক হাজার ৮৯টি মাদ্রাসা অবিলম্বে এমপিওভুক্ত করতে হবে, অন্যথায় শিক্ষক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।


















