স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাংলাদেশে চালু
যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হয়েছে। এই সেবার মাধ্যমে দেশের দুর্গম পাহাড়, চরাঞ্চল ও ব্রডব্যান্ড-বঞ্চিত সীমান্ত এলাকায় উচ্চগতির ইন্টারনেট পৌঁছানো সম্ভব হবে।
এ তথ্য জানানো হয় শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে, যেখানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও স্টারলিংকের উচ্চপদস্থ প্রতিনিধি দল। প্রতিনিধিদের মধ্যে ছিলেন স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।
স্টারলিংকের সেবা বাংলাদেশের ডিজিটাল কাঠামোর জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন ফয়েজ আহমদ তৈয়্যব। প্রায় তিন মাসের পরীক্ষামূলক সম্প্রচারের পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু হয়। প্রতিষ্ঠানটি বিটিআরসি থেকে ১০ বছরের জন্য ‘স্যাটেলাইট অপারেটর লাইসেন্স’ ও ‘রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স’ পেয়েছে।
গ্রাহকরা স্টারলিংকের সেবা নিতে প্রাথমিকভাবে ৪২ হাজার টাকায় একটি সেটআপ কিট কিনতে হবে, যাতে থাকবে স্যাটেলাইট রিসিভার ডিস্ক, রাউটার, পাওয়ার সাপ্লাইসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ। এরপর তারা মাসিক দুটি প্যাকেজের মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন।
স্টারলিংকের দুইটি প্যাকেজ হলো—
১. স্টারলিংক রেসিডেন্সিয়াল: মাসিক ৬ হাজার টাকা, সর্বোচ্চ ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ইন্টারনেট।
২. স্টারলিংক লাইট: মাসিক ৪ হাজার ২০০ টাকা, অপেক্ষাকৃত কম দামে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা।
বাংলাদেশে স্টারলিংকের এই সেবা গ্রাহকদের জন্য উচ্চমানের এবং ব্যাপক কর্মক্ষম ইন্টারনেটের সুযোগ এনে দেবে বলে আশা করা হচ্ছে।



















