স্পেনে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
স্পেনে ১৫১ সদস্যবিশিষ্ট গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। মাদ্রিদের লাভাপিয়েস এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত বর্ণাঢ্য পরিচিতি সভায় এই কমিটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর নতুন কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
সংগঠনের সভাপতি আব্দুল কাইয়ুম মাসুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সিলেট কমিউনিটির অসংখ্য প্রবাসী উপস্থিত ছিলেন। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাউছার হোসেন টিপু এবং সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজ আবু তাহের মিসবাহ। সভায় স্থানীয় প্রবাসী নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।
বক্তারা নতুন এই কমিটির মাধ্যমে স্পেনে বসবাসরত সিলেটবাসীর মধ্যে পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও কল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ অংশে সাবেক সভাপতি আব্দুল মুজাক্কির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম মাসুকের হাতে সংগঠনের আনুষ্ঠানিক দায়িত্ব অর্পণ করেন। উপস্থিত সকলে আশা প্রকাশ করেন যে, নতুন এই নেতৃত্ব প্রবাসীদের কল্যাণে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।


















