স্ত্রী ঊষার ধর্মান্তর কামনা, তবে জোর না দেওয়ার কথা জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, তিনি আশা করেন একদিন তার স্ত্রী ঊষা ভান্স খ্রিষ্টান ধর্ম গ্রহণ করবেন। ভারতীয় বংশোদ্ভূত ঊষা হিন্দু পরিবারে বেড়ে উঠলেও বর্তমানে কোনো ধর্মে বিশ্বাস করেন না।
বুধবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়— তিনি কি চান যে স্ত্রী খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত হোন? জবাবে জেডি ভান্স বলেন, “বেশিরভাগ রোববারই ঊষা আমার সঙ্গে গির্জায় যায়। আমি আগেও বলেছি, আবারও বলছি— আমি মনেপ্রাণে চাই যে, যেভাবে গির্জায় গিয়ে আমার ঈশ্বরে বিশ্বাস তৈরি হয়েছে, সেও কোনো না কোনোভাবে একই বিশ্বাসে প্রভাবিত হোক। কারণ আমি খ্রিষ্টান ধর্মের মূল বিশ্বাসে ভরসা রাখি, এবং আশা করি আমার স্ত্রীও ধীরে ধীরে সেই বিশ্বাসে আসবে।”
তবে এই বিশ্বাসের ভিন্নতা তাদের সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলছে না বলে জানিয়েছেন ভান্স। তিনি বলেন, “যদি সে খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত না হয়, তাতেও কোনো সমস্যা নেই। ঈশ্বর বলেছেন, ধর্মবিশ্বাসে সবার নিজস্ব ইচ্ছা রয়েছে। তাই এটা আমাদের সম্পর্কে কোনো জটিলতা তৈরি করে না।”
উল্লেখযোগ্যভাবে, জেডি ভান্স ২০১৯ সালে ক্যাথলিক খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত হন। অন্যদিকে, তার স্ত্রী ঊষা নাস্তিক হলেও তাদের সন্তানদের খ্রিষ্টান হিসেবে বড় করছেন তিনি। সন্তানরা বর্তমানে খ্রিষ্টান স্কুলে পড়াশোনা করছে।
ভান্সের এই মন্তব্য যুক্তরাষ্ট্রে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে আন্তঃধর্মীয় বিবাহ ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে নতুন বিতর্কের সূত্রপাত ঘটেছে।



















