স্টার্টআপ ব্যর্থ হলেও সম্ভাবনা থাকলে পরবর্তীতে আবারও অর্থ সহায়তা দেবে সরকার
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার। প্রথমবার কোনো স্টার্টআপ ব্যর্থ হলেও তার মধ্যে যদি সম্ভাবনা থাকে, তবে পরবর্তীতে তাকে আবারও অর্থ সহায়তা দেওয়া হবে। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, দেশে পর্যাপ্ত কাজের জায়গা না থাকায় দেশের মেধা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি পরিবর্তনে নতুন যারা উদ্যোক্তা হতে চান, তাদের সব ধরনের সহায়তা করবে সরকার। তরুণদের নতুন উদ্ভাবনীর জন্য ৫ লাখ টাকা থেকে শুরু করে ৫ কোটি টাকা পর্যন্ত তহবিল জোগাবে আইসিটি বিভাগ।
নতুন প্রজন্মের উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে তরুণ ও নারীদের উদ্ভাবনী শক্তিকে অর্থনৈতিক প্রগতির মূলধারায় যুক্ত করাকে এখন জাতীয় অগ্রাধিকার হিসেবে দেখছে সরকার। এরই ধারাবাহিকতায় দেশের প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত রূপান্তরের লক্ষ্যে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইতোমধ্যে সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার একটি বিশেষ স্টার্টআপ ফান্ডও গঠন করা হয়েছে, যা নতুন উদ্যোগের অর্থায়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



















