স্টান্টম্যানদের সুরক্ষায় অক্ষয় কুমারের বড় সিদ্ধান্ত
বলিউডে দেশাত্মবোধক ছবির ক্ষেত্রে অক্ষয় কুমারের নামই সবার আগে আসে। তবে এবার শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনেও দেশ ও মানুষের জন্য বড় এক পদক্ষেপ নিলেন এই অভিনেতা।
সম্প্রতি একটি তামিল ছবির শুটিং চলাকালে রাজু নামের এক স্টান্টম্যানের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনার পর চলচ্চিত্র অঙ্গনে স্টান্টম্যানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। সেই সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন অক্ষয় কুমার।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সারা ভারতের প্রায় ৬৫০–৭০০ জন স্টান্টম্যান ও স্টান্টওম্যানের জন্য স্বাস্থ্যবিমা ও দুর্ঘটনা বিমার ব্যবস্থা করেছেন অক্ষয়। এই উদ্যোগের মাধ্যমে ছবির শুটিং চলাকালে বা বাইরে আহত হলে তারা পাচ্ছেন ৫ থেকে সাড়ে ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা সুবিধা।
স্টান্ট ম্যানেজার বিক্রম দহিয়া জানিয়েছেন, অক্ষয় কুমারের এই উদ্যোগে এখন লড়াইয়ের দৃশ্যে ব্যবহৃত প্রায় সব স্টান্ট পারফর্মার অনেকটাই সুরক্ষিত। আগে বারবার অভিযোগ উঠেছে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও পর্যাপ্ত সুরক্ষা পান না এসব শিল্পীরা। এবার অক্ষয়ের উদ্যোগে সেই চিত্র বদলাতে শুরু করেছে।
এই উদাহরণ প্রমাণ করে, একজন অভিনেতা শুধু পর্দার নায়ক নন—বাস্তব জীবনেও হয়ে উঠতে পারেন প্রকৃত নায়ক।

















