সৌদিগামী ফ্লাইট বাতলে চরম অনিশ্চয়তায় হাজারো যাত্রী ও সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান
সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তাজনিত পরিস্থিতি ও বিধিনিষেধের কারণে ৮৬টি ফ্লাইট বাতিল হওয়ায় ১৩ হাজার ৪৯০ জন যাত্রী চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। এর ফলে ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে না পারায় সৌদিগামী প্রবাসী কর্মীরা চাকরি হারানোর ঝুঁকি ও আর্থিক ক্ষতির আশঙ্কায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। এছাড়া ওমরাহযাত্রী ও ব্যবসায়িক কাজে ভ্রমণকারীরাও একই রকম ভোগান্তিতে রয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী কর্মীদের সুরক্ষায় পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জরুরি কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি সৌদি কর্তৃপক্ষ ও এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো এবং বিকল্প রুটে যাতায়াতের ব্যবস্থা করার পরামর্শ দেন। একই সঙ্গে অতিরিক্ত মাশুল ছাড়া টিকিট পুনঃইস্যু ও যাত্রা সহায়তা নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, এই সংকট নিরসনে বিলম্ব হলে দেশের অর্থনীতি ও প্রবাসীদের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে।


















