‘সোলজার’ লুকে মাতালেন শাকিব খান, ভক্তদের ভিড়ে উত্তাল বনানী
ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানকে ঘিরে আবারও সরগরম পুরো চলচ্চিত্রপাড়া। একের পর এক নতুন রূপে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। সম্প্রতি তার বহুল আলোচিত আসন্ন সিনেমা ‘সোলজার’–এর লুক প্রকাশিত হওয়ার পর থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। এবার সেই লুকেই জনসম্মুখে হাজির হয়েছেন বাংলার কিং খান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, শাকিব খান সম্পূর্ণ কালো পোশাক ও কালো সানগ্লাসে হাজির হয়েছেন। সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ছে তার নতুন গোঁফের স্টাইল, যা তার ‘সোলজার’ চরিত্রের অন্যতম আকর্ষণীয় দিক। শনিবার দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এই নতুন লুকে একাধিক পোজ দেওয়া ছবি প্রকাশ করেন তিনি, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনলাইনে।
গত শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শাকিব খান। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকাজুড়ে ভক্তদের ঢল নামে। প্রিয় তারকাকে একনজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে শত শত দর্শক। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তাকর্মীদের। ভিডিওতে দেখা যায়, শাকিব খান উচ্ছ্বসিত ভক্তদের দিকে হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দিচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানও। তিনি শাকিব খানের নতুন সিনেমার লুক নিয়ে প্রশ্ন করলে নায়ক মজার ছলে বলেন, “শুটিং শেষে মেকআপ যারা আমার রিমুভ করে, মাঝে মাঝে আমি বলি আমার গোঁফটা খুলে দাও। অনেক সময় তারা গোঁফের সামনে হাত নাড়াচাড়া করে তারপর বলে—‘আরে এটাতো আসল!’” বলে হাসতে থাকেন শাকিব খান। যদিও গোঁফটি আসল না নকল, তা নিয়ে ভক্তদের মধ্যে এখনো কৌতূহল বিরাজ করছে।
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত ‘সোলজার’ সিনেমায় শাকিব খানকে দেখা যাবে একজন দেশপ্রেমিক চরিত্রে, যিনি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বেন। অ্যাকশন ও ড্রামা ঘরানার এই সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।


















