সেপ্টেম্বর-অক্টোবরে দেশে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ হওয়ার আশঙ্কা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
দেশব্যাপী ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করায় আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহ এবং অক্টোবরের শুরুর দিকে এর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আঁচল ফাউন্ডেশন ও হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার আয়োজিত এক সেমিনারে তিনি এই আশঙ্কার কথা জানান।
প্রতিমন্ত্রী জানান যে ডেঙ্গু মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে তিন মাসব্যাপী জনসচেতনতামূলক অভিযান শুরু করা হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সিটি করপোরেশন, স্থানীয় সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সমন্বিতভাবে লার্ভা ধ্বংসের কার্যক্রম পরিচালনা করবে।
সরকারের প্রধান দুটি লক্ষ্য হলো ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার কমানো। এই লক্ষ্যে ইতোমধ্যে প্রায় তিন হাজার চিকিৎসককে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং জেলা ও উপজেলা পর্যায়েও এই প্রশিক্ষণ অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।
পিক সময়ে হাসপাতালে শয্যা, স্যালাইন ও পরীক্ষার কিট সংকট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পর্যাপ্ত মজুত রাখা হয়েছে। এ ছাড়া বেসরকারি হাসপাতালগুলোকে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সময়ে অযৌক্তিকভাবে চিকিৎসা ব্যয় বাড়ানো যাবে না।

















