সেন্টমার্টিন রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণের পাশাপাশি দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ
সেন্টমার্টিন দ্বীপের অনন্য পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণের পাশাপাশি একটি দীর্ঘমেয়াদি টেকসই মাস্টারপ্ল্যান চূড়ান্ত করার তাগিদ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার রাজধানী ঢাকায় আয়োজিত এক উচ্চপর্যায়ের কৌশলগত পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সেন্টমার্টিন একটি পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা (ইসিএ), তাই পর্যটনের চেয়ে এই দ্বীপের প্রতিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। মাস্টারপ্ল্যানে দ্বীপের জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে স্পষ্ট নির্দেশনার পাশাপাশি বহিরাগতদের ক্ষতিকর আধিপত্য রোধ এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য মাছ ধরা, হস্তশিল্প বা নিয়ন্ত্রিত পর্যটনের মতো বিকল্প কর্মসংস্থানের সুযোগ রাখার ওপরও তিনি জোর দেন। কর্মশালায় জানানো হয়, অনিয়ন্ত্রিত পর্যটন, প্রবাল আহরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দ্বীপটি বর্তমানে গুরুতর হুমকির মুখে রয়েছে। পরিবেশ সচিব জানান, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই মাস্টারপ্ল্যানের খসড়া প্রস্তুতসহ বেশ কিছু স্বল্প ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও উন্নয়ন সহযোগীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।


















