সৃজনশীল অর্থনীতির বিকাশ ও নিয়ন্ত্রক জটিলতা কমাতে সরকারের বিশেষ গুরুত্ব দেওয়ার ঘোষণা
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সহজ করতে অপ্রয়োজনীয় নিয়ন্ত্রক জটিলতা কমানো এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী জানান, সরকারি সেবায় ডিজিটালাইজেশন জোরদার করার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
গোলটেবিল বৈঠকে অর্থমন্ত্রী বিগত দিনের অর্থনৈতিক নীতিমালার সমালোচনা করে বলেন, অতীতে দেশের অর্থনীতি একটি ‘পৃষ্ঠপোষকতাভিত্তিক অর্থনীতি’ বা পেট্রোনাইজড ইকোনমিতে পরিণত হয়েছিল। এর ফলে দিন দিন বিধিনিষেধ ও নিয়ন্ত্রণের সংখ্যা কেবল বেড়েছেই। তিনি আক্ষেপ করে বলেন, এই সব নিয়ম-কানুন ও বিধিনিষেধ মূলত সাধারণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ওপর চাপিয়ে দেওয়া হতো, অথচ প্রভাবশালী গোষ্ঠীগুলো সব সময়ই এর বাইরে থেকে যেত। এর ফলে বাজারে সুস্থ ও সমান সুযোগের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, দেশের গ্রামীণ অর্থনীতির সঙ্গে যুক্ত অসংখ্য কামার-কুমার, তাঁতি, কারুশিল্পী ও ক্ষুদ্র উৎপাদক প্রজন্মের পর প্রজন্ম কাজ করে গেলেও তাদের জীবনমানের উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি, কারণ তারা কখনোই কার্যকর নীতি সহায়তা বা বাজার সুবিধার আওতায় আসতে পারেননি। এসব উদ্যোক্তাদের জন্য রাজধানীর কাছে প্রায় ১৬০ একর জমির ওপর একটি ‘ক্রিয়েটিভ ডিস্ট্রিক্ট’ প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি তাদের সহজ ঋণ, কাঁচামাল সহায়তা, ডিজাইন উন্নয়ন, ব্র্যান্ডিং, বিপণন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণ করা হবে।
গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ মডেল সফলভাবে বাস্তবায়নের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ব্যবসা সহজীকরণে সরকার এমন এক ব্যবস্থা চালু করতে যাচ্ছে যেখানে একজন উদ্যোক্তা এক জায়গায় আবেদন করলেই সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে লাইসেন্স ও নিবন্ধনসহ প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সদস্য ও বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু উপস্থিত ছিলেন।



















