সুইডেনে সাইবার হামলা: ১৫ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে
ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশ সুইডেনে একটি আইটি সিস্টেম প্রোভাইডার সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে, যার ফলে দেশটির অন্তত ১৫ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামলার শিকার সংস্থা হলো মিলিজোডেটা, যা সুইজারল্যান্ডের অন্যতম বৃহত্তম আইটি সিস্টেম প্রোভাইডার। হামলা সংঘটিত হয়েছে ২৩ ও ২৪ আগস্ট। সুইডেনের আইন ও বিচার মন্ত্রণালয় ইতোমধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।
সুইডেনের মোট জনসংখ্যা ১ কোটি ৬০ লাখ। এ ঘটনার ফলে মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ মানুষের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। এর পাশাপাশি ১৬৪টি পৌরসভা ও সিটি কর্পোরেশন, ৪টি প্রাদেশিক সরকার এবং বহু বেসরকারি কোম্পানির তথ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তদন্ত কমিটির প্রধান স্যান্ড্রা হেলগাদোত্তি জানিয়েছেন, হামলাটি দেশীয় কোনো হ্যাকার বা হ্যাকার গ্রুপ দ্বারা সংঘটিত হয়েছে। বিদেশি কোনো হ্যাকার বা হ্যাকার গ্রুপের সংশ্লিষ্টতা এখনও পাওয়া যায়নি।
এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। সরকারকে হ্যাকাররা জানিয়েছে, তারা ১.৫ বিটকয়েন বা প্রায় ১৭ লাখ ডলার পেলে চুরি করা তথ্য ফাঁস বা বিক্রি করবে না। অন্যথায় আগামী সপ্তাহের মধ্যে এসব তথ্য ডার্কনেট বা ডার্কওয়েভে প্রকাশের হুমকি দিয়েছে তারা।
সাইবার হামলার পর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সুইডেনের বিভিন্ন থানায় ৩০০-এর বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগ জানিয়েছেন।
সূত্র: এএফপি



















