শনিবার, ৮ই আগস্ট, ২০২৬| রাত ১০:৩২

সীমান্তে পুশইন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

প্রতিবেদক
staffreporter
জুন ১৬, ২০২৬ ১২:১২ অপরাহ্ণ
সীমান্তে পুশইন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

সীমান্তে পুশইন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

ভারত কর্তৃক বাংলাদেশে পুশইন, সীমান্ত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীর শাহবাগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেন এবং সীমান্ত সুরক্ষায় জাতীয় ঐক্যের ডাক দেন।

প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, লাল-সবুজ পতাকার ভূখণ্ড রক্ষায় এদেশের জনগণ সর্বদা ঐক্যবদ্ধ। বাংলাদেশের সীমান্তবর্তী ৩২ জেলার মানুষ পুশইন রুখে দিতে বিজিবিকে যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপিয় ও বন্ধুত্বে বিশ্বাসী হলেও কেউ যদি বন্ধুত্বের বেশে দাদাগিরি করতে চায়, তবে তা মেনে নেওয়া হবে না। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব ছিন্নের বার্তা দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সমাবেশে অন্যান্য নেতারা অভিযোগ করেন, দেশের সীমান্তে প্রতিদিন হত্যাকাণ্ড ও পুশইনের ঘটনা ঘটলেও বর্তমান সরকার এ বিষয়ে উদাসীন। বক্তারা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করে বলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে না পারলে এই সরকারের পরিণতিও পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের মতোই হবে। এছাড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহীদ ওসমান হাদীর খুনিকে বাংলাদেশের ফেরত না দিয়ে ভারত দ্বিপক্ষীয় চুক্তি ভঙ্গ করেছে বলেও সমাবেশে দাবি করা হয়।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, এবি পার্টি, লেবার পার্টি ও জাগপাসহ শরিক দলগুলোর কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে শাহবাগের শহীদ ওসমান হাদী চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মৎস্য ভবন মোড় ও জাতীয় প্রেস ক্লাব হয়ে পল্টনে গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি