সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না, চট্টগ্রামে নাহিদ ইসলাম
সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে কখনো প্রকৃত বন্ধুত্ব হয় না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, জনগণের রায়কে উপেক্ষা করার কারণে এই সরকার দেশের কোনো প্রকৃত অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারবে না।
নাহিদ ইসলাম দেশের সার্বিক পরিস্থিতি ও সংস্কারের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, চট্টগ্রামে জাতীয় ক্রিকেট দলের একজন সদস্যকে পুলিশ কর্তৃক তুলে নিয়ে অপহরণের ঘটনা ঘটেছে, যা রাষ্ট্রীয় সংস্কার না করার কুফলকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি দ্রুত কার্যকর সংস্কার না করে, তবে দেশের ক্ষুব্ধ জনগণ আবারও একটি নতুন গণঅভ্যুত্থানের পথে হাঁটতে বাধ্য হবে।
সমাবেশে সীমান্ত হত্যা এবং সরকারের বিদেশ নীতি নিয়েও তীব্র সমালোচনা করা হয়। তিনি অভিযোগ করেন, সরকারের নতজানু নীতির কারণেই সীমান্তে আবারও হত্যাকাণ্ড শুরু হয়েছে। দেশের সাধারণ জনগণ যখন সীমান্ত সুরক্ষায় বিজিবি-কে আন্তরিকভাবে সহায়তা করছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিচ্ছেন। দুর্নীতি ও বৈষম্যের পথ পরিহার করে সরকারকে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।



















