সীতাকুণ্ডে বন্যাদুর্গত মানুষের চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করল সুখী
বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যঝুঁকি ও চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় সীতাকুণ্ডের বন্যাকবলিত এলাকার পাশে দাঁড়িয়েছে গ্রামীণ হেলথটেকের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’। গত ৮ আগস্ট সীতাকুণ্ডের বহরপুরে মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এবং ‘সুখী’র সহযোগিতায় দিনব্যাপী এই বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমে সার্বিক সহায়তায় ছিল লিও ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এই ফ্রি ক্যাম্পে স্থানীয় বাসিন্দা ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষকে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএফএসএস-এর নির্বাহী পরিচালক শামীমা নাসরীন ও উপদেষ্টা মহিন উদ্দিন। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন সুখীর চিফ অব রিসার্চ, অ্যানালিটিক্স অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স ডক্টর হোসাইন মো. আল আমিন ও তাঁর দল।
কেবল একদিনের ফ্রি চিকিৎসার মধ্যেই সেবা সীমাবদ্ধ না রেখে ‘কানেক্টেড কেয়ার’ ব্যবস্থার মাধ্যমে বন্যা পরবর্তী সময়ে রোগীদের ধারাবাহিক চিকিৎসা সেবা নিশ্চিত করছে ‘সুখী’। এর আওতায় প্রয়োজন অনুযায়ী রোগীদের নিয়মিত অনলাইন পরামর্শ, ওষুধ সহায়তা এবং ফলোআপ সেবার ব্যবস্থা রাখা হয়েছে।
প্রযুক্তির সঙ্গে মানবিক চিকিৎসার এমন সমন্বয়ের ফলে সীতাকুণ্ডের বন্যাদুর্গত এলাকায় স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হলেও সাধারণ মানুষ সহজেই মানসম্মত ও ধারাবাহিক স্বাস্থ্যসেবার সুযোগ পাচ্ছেন।



















