সিরিয়ার সুইদায় সাম্প্রদায়িক সংঘাতে নিহত ৯৪০, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে দ্রুজ মিলিশিয়া যোদ্ধা ও সুন্নি বেদুইন উপজাতিদের মধ্যে চলমান সাম্প্রদায়িক সহিংসতায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৪০ জনে পৌঁছেছে। শনিবার যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এই তথ্য জানিয়েছে। সংঘাতের অবসানে সিরিয়ার সরকার ইতোমধ্যে সুইদা প্রদেশে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে।
সংস্থাটি জানায়,
- নিহতদের মধ্যে ৩২৬ জন দ্রুজ যোদ্ধা ও ২৬২ জন দ্রুজ বেসামরিক নাগরিক ছিলেন।
- এর মধ্যে ১৮২ জনকে হত্যা করেছে সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা।
- সংঘাতে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর ৩১২ সদস্য ও ২১ জন সুন্নি বেদুইনও নিহত হন।
- এছাড়া ইসরায়েলি বাহিনীর হামলায় সিরীয় সেনাবাহিনীর আরও ১৫ সদস্য নিহত হয়েছেন, যারা দ্রুজদের রক্ষায় নিযুক্ত ছিল।
গত কয়েক দিন ধরে চলমান এই সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। ইসরায়েল ও সিরিয়ার মধ্যে হওয়া এই চুক্তির মাধ্যমে সংঘর্ষ বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে নিহতের সর্বশেষ এই হিসাব সামনে এসেছে।
এর আগে, বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রে ইসরায়েলের বড় ধরনের হামলা চালায়, যার লক্ষ্য ছিল সিরীয় সেনাবাহিনীর সদর দপ্তর।
মার্কিন প্রতিনিধি টম ব্যারাক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের উদ্যোগে সিরিয়ার নেতা আহমেদ আল-শারা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। এই চুক্তিতে তুরস্ক ও জর্ডানও সমর্থন জানিয়েছে।



















