সিরিয়ায় পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা
সিরিয়ার নির্বাচন কমিশন ঘোষণা করেছে, আগামী ৫ অক্টোবর দেশজুড়ে পার্লামেন্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পার্লামেন্টে মোট ২১০টি আসন রয়েছে। নির্বাচনী প্রক্রিয়ার আওতায় এক তৃতীয়াংশ আসনে প্রেসিডেন্ট আহমেদ আল শারার সুপারিশে সরাসরি এমপি নিয়োগ করা হবে, বাকি দুই তৃতীয়াংশ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সিরিয়ায় সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন হয়েছিল ২০২৪ সালের ১৫ জানুয়ারি। সেই সময় প্রেসিডেন্ট ছিলেন বাশার আল আসাদ। ২০২৪ সালের ৮ ডিসেম্বর হায়াত তাহরির আল শামস (এইচটিএস)-এর এক ঝটিকা অভিযানের মাধ্যমে বাশারের সরকার পতিত হয় এবং আহমেদ আল শারা দেশটির নতুন প্রেসিডেন্ট হন।
নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন পার্লামেন্টের মূল দায়িত্ব হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, গণতন্ত্র সুগম করা এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় স্থিতিশীলতা নিশ্চিত করা।
প্রাথমিকভাবে সেপ্টেম্বরেই ভোট হওয়ার কথা থাকলেও সুয়েইদা, হাসাকাহ ও রাক্কা প্রদেশে অস্থিরতা এবং সাম্প্রদায়িক সংঘাতের কারণে ভোট এক মাস পিছিয়েছে। নির্বাচন কমিশন সেই অনুযায়ী ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছে।
সূত্র: আলজাজিরা



















