বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬| রাত ৮:২৩

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হোঁচট খেল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৩, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হোঁচট খেল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হোঁচট খেল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল

পাকিস্তান অনূর্ধ্ব–১৯ নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বল হাতে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল। বিশেষ করে জারিন তাসনিম লাবণ্য ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে—একাই শিকার করেন ৪ উইকেট। তার ঘূর্ণিতে পাকিস্তান একশর আগেই থেমে যায়। কিন্তু সেই স্বল্প রানের লক্ষ্যও তাড়া করতে ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা। ফলে ১৩ রানের ব্যবধানে হেরে সিরিজ শুরু করল স্বাগতিকরা।

কক্সবাজারের একাডেমি মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ নারী দল তোলে ৮৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ৭৫ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল।

৮৯ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ছিল দারুণ খারাপ। ইনিংসের তৃতীয় ওভারে সুমাইয়া আক্তার সুবর্ণা ফেরার পর পরের ওভারেই আউট হন সাদিয়া ইসলাম। গোল্ডেন ডাক করেন মাইমুনা নাহার স্বর্ণা মণি। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ফারজানা ইয়াসমিন মেধা আউট হলে ২২ রানে ৪ উইকেট হারিয়ে গভীর বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

দলের চাপে একপ্রান্ত ধরে রেখে সংগ্রহ বাড়ানোর চেষ্টা করেন আরিত্রী নির্জনা মণ্ডল। তবে তিনি ৩৮ বলে ২০ রানের বেশি করতে পারেননি। এরপর সাদিয়া আক্তার ২০ বলে ১৬ এবং ববি খাতুন ১৮ বলে ১৩ রান করলেও ম্যাচ জেতার মতো পরিস্থিতি তৈরি হয়নি। শেষ পর্যন্ত এক বল বাকি থাকতে ৭৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে শাহার বানু নেন তিন উইকেট, আর রোজিনা আকরাম ও মেমোনা খালিদ নেন দুটি করে উইকেট।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - রাজনীতি