সার্চ ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা যোগ করে বড় পরিবর্তন আনছে গুগল
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ প্ল্যাটফর্ম গুগল তাদের সার্চ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। এতদিন কোনো তথ্য খুঁজলে বিভিন্ন ওয়েবসাইটের লিংক দেখানো হলেও এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক সরাসরি উত্তর এবং কথোপকথনের মতো তথ্য আদান-প্রদান করা যাবে। যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রযুক্তি সম্মেলনে এই ঘোষণা দিয়ে গুগল জানিয়েছে, গত ২৫ বছরের মধ্যে এটিই তাদের সার্চ ব্যবস্থায় সবচেয়ে বড় পরিবর্তন।
নতুন এই ব্যবস্থার ফলে ব্যবহারকারীরা বড় ও জটিল প্রশ্ন লিখতে পারবেন এবং গুগল নিজেই সেই তথ্য বিশ্লেষণ করে উত্তর দেবে। এছাড়া এতে একটি স্বয়ংক্রিয় তথ্য সহকারী থাকবে, যা ব্যবহারকারীর হয়ে ইন্টারনেটে নির্দিষ্ট বিষয়ের ওপর নজরদারি করতে পারবে। পাশাপাশি ব্যবহারকারীরা খাবার তালিকা, ব্যায়াম পরিকল্পনা কিংবা ব্যক্তিগত সময়সূচির জন্য নিজেদের প্রয়োজন অনুযায়ী ছোট আকারের সেবা বা অ্যাপ তৈরি করে নিতে পারবেন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের ফলে অনলাইন সংবাদমাধ্যম ও বিভিন্ন ওয়েবসাইটের ভিজিটর বা পাঠকসংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। কারণ গুগল নিজেই তথ্যের উত্তর দিয়ে দিলে ব্যবহারকারীদের আর অন্য ওয়েবসাইটে ঢোকার প্রয়োজন পড়বে না। এমন পরিস্থিতিতে টিকে থাকতে হলে বিশেষ করে বাংলাদেশের অনলাইন সংবাদমাধ্যমগুলোকে নিজস্ব পাঠকগোষ্ঠী তৈরি এবং মানসম্মত ও মৌলিক কনটেন্ট প্রকাশের ওপর জোর দিতে হবে।


















