সামাজিক যোগাযোগমাধ্যমে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’ রোববার ভোরে দেওয়া এই পোস্টটি মুহূর্তেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
মূলত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি বক্তব্যের পর এই স্লোগানটি নতুন করে আলোচনায় আসে। মন্ত্রী বলেছিলেন যে, বাংলা ভাষাকে ধারণ করতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ বলা চলবে না এবং এই স্লোগান বা ‘ইনকিলাব মঞ্চ’—এর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। তিনি আরও উল্লেখ করেন যে, এমন কথা বললে তাকে ‘ভারতের দালাল’ বলা হতে পারে, তবুও তিনি সত্য বলবেন কারণ তিনি মুক্তিযুদ্ধের মাধ্যমে এই অবস্থানে এসেছেন।
মন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা অবস্থান নিতে দেখা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও। হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম ইতোমধ্যেই এই স্লোগানটি ব্যবহার করে পোস্ট দিয়েছেন। এবার জামায়াত আমিরও তাদের সাথে সুর মিলিয়ে একই স্লোগান ব্যবহার করায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

















