সামাজিক অন্যায় ও বাল্যবিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর
বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সমাজে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। এছাড়া যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে এডুকেশন স্কিল, কেয়ারগিভার ও ভাষাশিক্ষা প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। শনিবার রাজধানীর ইস্কাটনে পুলিশ কনভেনশন হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউয়ের পক্ষ থেকে ‘ডিডিসি সন্ধানী’কে একটি অত্যাধুনিক বৈজ্ঞানিক ব্লাড স্টোরেজ রেফ্রিজারেটর এবং বিভিন্ন প্রয়োজনীয় মেডিকেল সামগ্রী প্রদান করা হয়। মন্ত্রী এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে দেশের রক্তের নিরাপদ সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। বিশেষ করে থ্যালাসেমিয়া, ডেঙ্গু, জটিল দুর্ঘটনা ও জরুরি অস্ত্রোপচারে রক্তের সংকট মেটাতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং আগামী জুনের পর প্রথমে ঢাকা এবং পরবর্তীতে সারাদেশে ব্যাপক অ্যাডভোকেসি কার্যক্রম শুরু করা হবে।
সমাজকল্যাণ মন্ত্রী সমাজ থেকে সব ধরনের অন্যায় ও অপরাধ দূর করতে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানান। বিশেষ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে মাদকাসক্তি দূরীকরণ, জুয়াখেলা নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং রামিসার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে—সেসব বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে কাজ চলছে। এই সচেতনতা ও প্রচার-প্রচারণায় দেশের সাংবাদিক ও গণমাধ্যমের ভূমিকার ওপরও তিনি বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হুসাইন ফকির ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসাইন। এ ছাড়া রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউয়ের প্রোগ্রাম চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, সভাপতি ডাক্তার লুবনা শারমিন এবং পিডিজি ড. ইশতিয়াক এ. জামানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।



















