সামরিক অভ্যুত্থানের চেষ্টা: ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে কারাদণ্ড
ব্রাজিলে নির্বাচনে হেরে সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে গত সেপ্টেম্বর ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশটির সুপ্রিম কোর্ট এই কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন।
রাজধানী ব্রাসিলিয়ার একটি পুলিশ ঘাঁটিতে ১২ স্কয়ার ফুটের ছোট একটি কক্ষে তিনি তার দণ্ড ভোগ করবেন। ৭০ বছর বয়সী বলসোনারো ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত লাতিন আমেরিকার সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রেসিডেন্ট ছিলেন।
২০১৯ সালের নির্বাচনে হেরে তিনি সামরিক বাহিনীর মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট লুলা দা সিলভার ক্ষমতা গ্রহণ আটকানোর চেষ্টা করেছিলেন। এছাড়া লুলা এবং তার নির্বাচনী মিত্র গেরালডো আল্কমিনকে হত্যারও ছক কষেছিলেন তিনি। তবে সামরিক বাহিনীর প্রধানরা তার অবৈধ পরিকল্পনায় সহায়তা করেননি। পরবর্তীতে লুলা দা সিলভার ক্ষমতা গ্রহণের পর বলসোনারো ও তার ছয় সহযোগীকে অভিযুক্ত করা হয়। আদালত রায়ে উল্লেখ করে, তারা ব্রাজিলের গণতন্ত্রকে অন্ধকারে ঠেলে দেওয়া এবং দেশকে একনায়কতন্ত্রের দিকে পরিচালিত করার চেষ্টা করেছিলেন।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দে মোরায়েস রায় দেন, দণ্ডের বিরুদ্ধে আপিলের সময় শেষ হওয়ায় সাবেক প্রেসিডেন্টকে তার দণ্ড ভোগ শুরু করতে হবে।
আগস্ট থেকে গৃহবন্দি ছিলেন বলসোনারো। ওই সময় তার পায়ে একটি ইলেকট্রনিক অ্যাংকেল ট্যাগ লাগানো ছিল, যা কেটে ফেলার চেষ্টা করেন তিনি। এরপর শনিবার তাকে পুলিশের অধীনে নেওয়া হয়। বলসোনারো ছাড়াও তার ছয় সহযোগীকে দণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

















