সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের কারাদণ্ড
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থান ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় টিকে থাকার চেষ্টা এবং সামরিক অভ্যুত্থানের পরিকল্পনায় নেতৃত্ব দেওয়ার দায়ে তাকে এই রায় দেওয়া হয়।
সুপ্রীম কোর্টের পাঁচ বিচারকের বেঞ্চ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে। পাঁচজনের মধ্যে চারজন তাকে দোষী সাব্যস্ত করেন, একজন খালাসের পক্ষে ভোট দেন। রায় ঘোষণার পর বলসোনারোর আইনজীবীরা এটিকে “অতিরিক্ত কঠোর” বলে উল্লেখ করে আপিলের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে আদালত তাকে ২০৩৩ সাল পর্যন্ত সব সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে।
বর্তমান অবস্থায় ৭০ বছর বয়সী বলসোনারো গৃহবন্দি আছেন। পালিয়ে যাওয়ার ঝুঁকি থাকায় তাকে আগে থেকেই আটক করা হয়েছিল। তবে রায়ের শেষ ধাপের শুনানিতে তিনি সরাসরি উপস্থিত ছিলেন না। বলসোনারো দাবি করেছেন, এই বিচার ২০২৬ সালের নির্বাচনে তার অংশ নেওয়া ঠেকানোর জন্য সাজানো হয়েছে এবং এটিকে “ডাইনি খোঁজা” হিসেবে অভিহিত করেছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, তিনি বলেছেন, “আমার সঙ্গেও এমন করার চেষ্টা হয়েছিল, তবে তারা সফল হয়নি।” মার্কো রুবিও, বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, বলছেন, ব্রাজিলের সুপ্রিম কোর্ট অন্যায়ভাবে বলসোনারোকে কারাদণ্ড দিয়েছে এবং এ ধরনের ‘উইচ হান্ট’-এর জবাব দেওয়া হবে।
আইনি বিশেষজ্ঞরা মনে করছেন, আপিলে সাফল্য পাওয়া কঠিন হবে। কারণ সাধারণত অন্তত দু’জন বিচারক খালাসের পক্ষে না থাকলে রায় পুনর্বিবেচনা করা যায় না।
বলসোনারোর বিরুদ্ধে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে, যেগুলো নির্বাচনে হার মানার পর ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত। প্রসিকিউটররা জানান, তিনি আগে থেকেই অভ্যুত্থানের পরিকল্পনা করেন এবং সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এছাড়া প্রতিদ্বন্দ্বী লুলা দা সিলভা, তার সহপ্রার্থী এবং এক সুপ্রিম কোর্ট বিচারককে হত্যার পরিকল্পনার কথাও তিনি জানতেন।
আদালত আরও সাতজনকে দোষী সাব্যস্ত করেছে, যাদের মধ্যে সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী, সাবেক গোয়েন্দা প্রধান ও নিরাপত্তা মন্ত্রীসহ শীর্ষ সেনা কর্মকর্তারা রয়েছেন। যদিও সেনাবাহিনীর পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় অভ্যুত্থানের পরিকল্পনা ব্যর্থ হয়, ২০২৩ সালের ৮ জানুয়ারি বলসোনারোর সমর্থকরা সরকারি ভবনে হামলা চালায়। দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনা হয় এবং দেড় হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়।
সূত্র: বিবিসি



















