সাড়ে ৩ হাজার সিনিয়র স্টাফ নার্সের নিয়োগ ও পদায়নের প্রজ্ঞাপন জারি
স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (১৫ সেপ্টেম্বর) ৩৫০০ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন নিয়োগপ্রাপ্ত নার্সদের পদায়ন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবং সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে নতুন নিয়োগপ্রাপ্তদেরকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১/৬০০০-৩৮-৬৪০/- বেতনক্রমে পদায়ন করা হয়েছে। পদায়ন প্রক্রিয়ায় মেধা ও পছন্দক্রম বিবেচনা করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত নার্সদেরকে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখের মধ্যে পদায়নকৃত হাসপাতাল বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। যোগদানের ক্ষেত্রে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত যোগদানপত্রের নির্ধারিত নমুনা অনুসরণ করতে হবে।
পদায়নকৃত নার্সদের পরবর্তী বদলি বা পদায়ন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ১০ গ্রেডভুক্ত নার্সদের বদলি নীতিমালা অনুযায়ী স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে সম্পন্ন হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্তদেরকে ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড সম্পাদন করতে হবে। বন্ড অনুযায়ী, যদি শিক্ষানবিশকালে বা শিক্ষানবিশকাল উত্তীর্ণ হওয়ার ৩ বছরের মধ্যে চাকরিতে ইস্তফা দেন, তবে প্রশিক্ষণকালে প্রদত্ত বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা ফেরত দিতে হবে। এছাড়া, তারা বা তাদের পরিবারের পক্ষ থেকে কোনো যৌতুক গ্রহণ বা প্রদানের শর্তও বন্ডে উল্লেখ থাকবে।
নিয়োগপ্রাপ্ত নার্সদেরকে পুলিশ ভেরিফিকেশন ফরম, পিএমআইএস ফরম এবং সম্পদবিবরণী সংক্রান্ত ফরম আগামী ১০ অক্টোবরের মধ্যে পূরণ করে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে জমা দিতে হবে। পদায়নের ক্ষেত্রে কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে।
প্রজ্ঞাপনটি জনস্বার্থে জারি করা হয়েছে।
















