সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লায় ড্যাবের তিন শাখার কার্যক্রম স্থগিত
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অসাংগঠনিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কুমিল্লা জেলা, কুমিল্লা মহানগর এবং কুমিল্লা মেডিকেল কলেজ শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে, বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে, এমনকি একাধিক অনিয়মের ঘটনা গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। সত্যতা যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তবে মহাসচিব অভিযোগের বিস্তারিত কারণ খোলাসা করেননি। এর আগের দিন (২২ সেপ্টেম্বর) ডা. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অসাংগঠনিক কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগের ভিত্তিতে কুমিল্লা জেলা, মহানগর ও মেডিকেল কলেজ শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে স্থানীয় পর্যায়ে ড্যাবের নেতৃত্ব ও কর্মকাণ্ড নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এবং সংগঠনের ভেতরে অস্থিরতা তৈরি হয়েছে বলে জানা গেছে।



















