সয়াবিন তেলে ভারী ধাতু মেলেনি, বিএসটিআইয়ের পরীক্ষায় স্বস্তি
দেশের বাজারে বিক্রি হওয়া ফর্টিফাইড সয়াবিন তেলে কোনো ভারী ধাতু পাওয়া যায়নি বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার রাজধানীর অফিসার্স ক্লাব ঢাকায় বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি জানান, বিএসটিআই খোলাবাজার থেকে সংগৃহীত ১৯৩টি সয়াবিন তেলের নমুনা পরীক্ষা করে কোনো ভারী ধাতুর অস্তিত্ব পায়নি।
নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে মন্ত্রী জানান, বাজারে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি বন্ধে বিএসটিআইয়ের নজরদারি এবং আইন প্রয়োগ জোরদার করা হবে। এ উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির জনবল বাড়ানো এবং সারাদেশে তাদের তদারকি কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিএসটিআই মহাপরিচালক কাজী ইমদাদুল হক জানান, নকল ও ভেজাল পণ্য রোধে বিশেষায়িত এনফোর্সমেন্ট ও ইন্টেলিজেন্স ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া আলোচনা সভায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের কাছ থেকে হালাল সার্টিফিকেশন অ্যাক্রেডিটেশন সনদ গ্রহণ করে বিএসটিআই, যা আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।
‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যে আয়োজিত এই আলোচনা সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে মান ও বিশ্বাসের প্রতীক হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন।

















