সমুদ্রপথে হাজারো অভিবাসীর স্পেন প্রবেশের চেষ্টা, সেউতায় পদদলিত হয়ে নিহত ৯
উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় আফ্রিকা মহাদেশ থেকে সমুদ্রপথে হাজারো অভিবাসীর অনুপ্রবেশের খবর পাওয়া গেছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে মরক্কো সীমান্ত থেকে সঁতরে, টিউব ব্যবহার করে কিংবা ফোলানো নৌকায় চড়ে এই অভিবাসীরা ইউরোীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা চালান। তীব্র ভীড় ও সীমান্ত পার হওয়ার সময় পদদলিত হয়ে এ পর্যন্ত অন্তত ৯ জন অভিবাসীর মৃত্যু হয়েছে।
সেউতা সরকার জানায়, গত ১০ দিনে প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ সেখানে প্রবেশ করেছেন এবং প্রতিদিন শত শত অভিবাসী নতুন করে পৌঁছাচ্ছেন। পরিস্থিতিকে ‘চরম মানবিক ও সামাজিক জরুরি অবস্থা’ আখ্যা দিয়ে সেউতার আঞ্চলিক প্রেসিডেন্ট মাদ্রিদ সরকারের কাছে সেনা পাঠানোর আবেদন করেছেন। সার্বিক নিরাপত্তা নিয়ন্ত্রণে স্পেন সরকার সেখানে সশস্ত্র বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।
মূলত স্পেনের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ে বলা হয়, সমুদ্রপথে আটক অভিবাসীদের মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। এই রায়কে কাজে লাগিয়ে মানব পাচারকারী চক্রগুলো নতুন করে অনিয়মিত অভিবাসন উৎসাহিত করছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অনিয়মিত অনুপ্রবেশ রোধে স্পেন সরকার প্রতিবেশী মরক্কোর সাথে যৌথভাবে কাজ করছে।



















