সমতা ও সার্বভৌমত্বের ভিত্তিতেই বৈদেশিক সম্পর্ক নিশ্চিতের তাগিদ রিজভীর
বাংলাদেশ সব দেশের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন। রিজভী স্পষ্ট জানান, শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না, বরং প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান জানিয়েই যেকোনো দ্বিপাক্ষিক সম্পর্ক রূপ পাওয়া উচিত।
ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, কোনো প্রকার স্বার্থ ছাড়া ভারত যদি বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানায়, তবে সরকার তাকে সাধুবাদ জানাবে। তবে কেবল একপাক্ষিক স্বার্থ থাকলে বাংলাদেশ সেই পথে হাঁটবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিটি সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, যার বাইরে অন্য কিছু ঘটলে বর্তমান বিএনপি সরকার তাতে কোনোভাবেই সায় দেবে না বলে তিনি মন্তব্য করেন।
বিএনপি সরকারের বিভিন্ন রাজনৈতিক ও কল্যাণমুখী নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের চিত্র জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দল সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন রিজভী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর এই অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















