সব ধর্মের মানুষকে সাথে নিয়ে দেশ গঠনে ও পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর
কোনো ভেদাভেদ নয়, দেশের সব ধর্মের মানুষকে সাথে নিয়ে সরকার একসঙ্গে এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদীতে একটি বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের সাধারণ মানুষ পাশে থাকলে আগামীতে সারা দেশে ফ্যামিলি কার্ডের সুবিধা ছড়িয়ে দেওয়া হবে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশকে সুন্দর ও সুরক্ষিত রাখতে হলে ব্যাপক হারে বৃক্ষরোপণ করতে হবে এবং সেগুলোর সঠিক যত্ন নিতে হবে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরনে বড় পরিবর্তন এসেছে এবং আগের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। তাই দেশে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করার একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির জন্য একটি নতুন স্লোগান ঘোষণা করেন, যা হলো— ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’ তিনি স্পষ্ট করে বলেন, নিজেদের দেশকে নিজেদেরই সুন্দর করে গড়ে তুলতে হবে, বাইরের কেউ এসে এটি ঠিক করে দিয়ে যাবে না। এর আগে সকালে সড়কপথে বরিশাল পৌঁছে তিনি গৌরনদীর সরিকল খাল ও জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমিসহ বিভিন্ন এলাকায় পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।



















